মোহাম্মদপুরে এসআইকে ছুরিকাঘাত, পিঠে ৪৩টি সেলাই
- আপডেট সময় ০৪:২৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / 19
রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। হামলায় তার পিঠে গুরুতর জখম হয় এবং চিকিৎসকরা ৪৩টি সেলাই দিয়েছেন। প্রাথমিকভাবে এটি ছিনতাইয়ের ঘটনা নয় বলে ধারণা করছে পুলিশ। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে পূর্বশত্রুতার জেরে হামলার আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাটি বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর সড়কে ঘটে। আহত এসআই মো. ওসমান গনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইমিগ্রেশন শাখায় কর্মরত।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর-আদাবর জোনের সহকারী পুলিশ সুপার (এসি) আব্দুল্লাহ আল মামুন হামলার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাই বলে মনে হচ্ছে না। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়ে থাকতে পারে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানায়, ঘটনার আগের দিন বুধবার (২২ জুলাই) সকাল ৮টা ৪৫ মিনিটে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি এসআই ওসমান গণির মোবাইল ফোনে কল করে পাসপোর্ট-সংক্রান্ত বিষয়ে কথা বলার কথা বলে তাকে বাসার গেটের সামনে ডেকে নেন। ভুক্তভোগীর ধারণা, ওই ঘটনার সঙ্গে পরদিনের হামলার যোগসূত্র থাকতে পারে।
প্রত্যক্ষদর্শী ও মোহাম্মদপুর থানার একাধিক কর্মকর্তার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্ত্রী তানজিনা সীমা ও একমাত্র সন্তানকে নিয়ে কাঁচাবাজার করে বাসায় ফিরছিলেন এসআই ওসমান গনি। এ সময় পেছন থেকে এক দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থাতেও তিনি হামলাকারীকে ধাওয়া করেন। তবে তাকে আটক করা সম্ভব হয়নি।
পরে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হামলায় এসআই ওসমান গণির পিঠের বড় অংশে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। তার পিঠে ৪৩টি সেলাই দিতে হয়েছে।
























