ভারতকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড
- আপডেট সময় ০৯:০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / 42
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে ১ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে আয়ারল্যান্ড। বেলফাস্টে অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ ম্যাচে নাটকীয় জয়ের মধ্য দিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার ভারতের বিপক্ষে সিরিজ জয়ের কীর্তি গড়েছে আইরিশরা।
রোববার (২৮ জুন) টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শ্রেয়াস আইয়ার। আগে ব্যাট করে আয়ারল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে।
দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন হ্যারি টেক্টর। এছাড়া বেন কালিটজ ৩৭, জর্জ ডকরেল ১৯, রস এডায়ার ১৬ এবং অধিনায়ক লোরকান টাকার ১৫ রান করেন। ভারতের হয়ে প্রিন্স যাদব ৩টি এবং আর্শদীপ সিং ও শিভম দুবে ২টি করে উইকেট নেন।
১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। আইরিশ পেসার জাই মুন্দ্রার বলে দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা গোল্ডেন ডাকের শিকার হন। এরপর ঈশান কিষাণ ১২, অধিনায়ক শ্রেয়াস আইয়ার ১০ এবং অক্ষর প্যাটেল ১৪ রান করে ফিরলে চাপে পড়ে সফরকারীরা।
শেষদিকে তিলক ভার্মা ৪৬ বলে ৫৫ রানের লড়াকু ইনিংস খেললেও দলকে জয় এনে দিতে পারেননি। শেষ বলে ছক্কা হাঁকিয়ে ব্যবধান কমালেও ১ রানের হার এড়াতে পারেনি ভারত।
এই জয়ের মধ্য দিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নেয় আয়ারল্যান্ড। একই সঙ্গে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়ল স্বাগতিকরা।
























