দ্বিতীয়বারের মতো বাবা হলেন জিয়াউল হক পলাশ
- আপডেট সময় ১২:১৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 58
জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশের ঘরে এসেছে নতুন অতিথি। দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় এই তারকা। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ একটি সুস্থ কন্যাসন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।
নতুন এই আনন্দের সংবাদ জানিয়ে পলাশ সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি জানান, ছেলের পর এবার কন্যাসন্তানের আগমনে তাদের পরিবারে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ্ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন যে, তার দুই সন্তানই যেন সবার ভালোবাসা ও দোয়া নিয়ে বড় হতে পারে। এর আগে ২০২৩ সালের জুলাই মাসে এই দম্পতির কোলজুড়ে এসেছিল তাদের প্রথম সন্তান মোহাইমিনুল হক আহান। ২০২২ সালে পারিবারিকভাবে নাফিসা ও পলাশের বিয়ে সম্পন্ন হয়েছিল।
জিয়াউল হক পলাশ মূলত কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে দেশ-বিদেশের দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। তবে পর্দার সামনে আসার আগে তার ক্যারিয়ার শুরু হয়েছিল পর্দার পেছনে। ২০১৩ সালে ‘ছবিয়াল’-এর সঙ্গে যুক্ত হয়ে খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে তার পথচলা শুরু হয়। পরবর্তীতে ইশতিয়াক আহমেদ রোমেল ও কাজল আরেফিন অমির সহকারী হিসেবে দীর্ঘ সময় কাজ করার পর তিনি অভিনয়ে নিয়মিত হন। বর্তমানে অভিনয়ের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপন নির্মাণেও বেশ মুন্সিয়ানা দেখাচ্ছেন এই মেধাবী তারকা।
























