কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াইফাই সেবা চালু
- আপডেট সময় ০৩:৪৬:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 2943
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর কড়াইল বস্তিতে ‘ফ্রি ওয়াইফাই’ সেবা উদ্বোধন করেছে বিএনপি। বুধবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা-১৭ আসনের অন্তর্গত এই এলাকায় দলটির যুগ্ম মহাসচিব হুমায়ূন কবির এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনকালে হুমায়ূন কবির বলেন, বিএনপির এই উদ্যোগের ফলে এখন থেকে কড়াইল বস্তির হাজার হাজার মানুষ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। তিনি জানান, পর্যায়ক্রমে এই সংসদীয় আসনের অন্যান্য এলাকাকেও ফ্রি ওয়াইফাই সেবার আওতায় আনা হবে।
এই আসনে বিএনপির চেয়ারপারসনকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনমানুষের কল্যাণে বিএনপি সবসময় কাজ করে যাচ্ছে। তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে এই এলাকার মানুষের জীবনমানের আমূল উন্নয়ন করা হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে আগামী ১২ তারিখ অনুষ্ঠিতব্য নির্বাচনে এলাকার সাধারণ মানুষকে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার জোরালো আহ্বান জানান এই বিএনপি নেতা।

























