আপনারা ভালা আছেন নি?’ সিলেটে তারেক রহমান
- আপডেট সময় ০১:৫৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / 84
আপনারা ভালা আছেন নি?’— সালাম দিয়ে তারেক রহমানের সিলেটে নির্বাচনী বক্তব্য শুরু
ক্যাটাগরি: রাজনীতি ও সারাদেশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছে বিএনপি। প্রথম নির্বাচনী জনসভায় সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠে বক্তব্য শুরু করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের শুরুতেই তিনি সিলেটি টানে জনতার উদ্দেশে সালাম দিয়ে জানতে চান, ‘আপনারা ভালা আছেন নি?’
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত বিশাল জনসভার মঞ্চে হাজির হন তারেক রহমান। সস্ত্রীক তিনি মঞ্চে উপস্থিত হলে মাঠজুড়ে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উচ্ছ্বাসে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
এর আগে, বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক ঐতিহ্য অনুসরণ করে সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে এই প্রথমবার ঢাকার বাইরে সফরে বের হন তারেক রহমান। গতকাল বুধবার রাতে তিনি সিলেটে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাজার জিয়ারত শেষে তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে যান। সেখানে কিছু সময় অবস্থান করার পর একটি হোটেলে রাত্রিযাপন করেন। সেখান থেকেই আজ সরাসরি দলীয় নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই সিলেট, সুনামগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে দলে দলে নেতাকর্মী ও সমর্থকরা ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক ধানের শীষ সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে আলিয়া মাদরাসা মাঠ ও আশপাশের এলাকা।
জাফলং থেকে আসা আব্দুল মান্নান মিয়া বলেন, ‘নেতার জন্যই এসেছি। এত বছর পর তিনি আসছেন, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এবার ধানের শীষকে বিজয়ী করতেই হবে।’
সুনামগঞ্জের কয়েস খান আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘আমরা নতুন করে স্বপ্ন দেখতে চাই। তারেক রহমানের নেতৃত্বেই দেশ গড়ার স্বপ্ন দেখি।’
নির্বাচনী প্রচারের বাইরেও প্রায় ২২ বছর পর তারেক রহমানের এই আগমন ঘিরে সিলেটে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আবেগ ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সিলেট আলিয়া মাদরাসা মাঠ।
দীর্ঘ অপেক্ষার পর প্রিয় নেতাকে কাছ থেকে দেখার সুযোগ পেয়ে জনতার চোখেমুখে ছিল প্রত্যাশা আর নতুন দিনের স্বপ্ন।

























