থ্রিডি প্রিন্ট প্রযুক্তিতে আইফোন ও অ্যাপল ওয়াচ তৈরির পরিকল্পনা
- আপডেট সময় ০৬:১৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / 8
ভবিষ্যতে স্মার্টফোন ও স্মার্টওয়াচ তৈরির পদ্ধতিতে বড় পরিবর্তন আনতে পারে Apple। উৎপাদন খরচ কমানো এবং কার্যকারিতা বাড়াতে আইফোন ও অ্যাপল ওয়াচের অ্যালুমিনিয়াম বডি তৈরিতে থ্রিডি প্রিন্ট প্রযুক্তি ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে প্রতিষ্ঠানটি।
মার্কিন প্রযুক্তি বিষয়ক প্রকাশনা Bloomberg-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিভাইস তৈরিতে অ্যালুমিনিয়াম থ্রিডি প্রিন্ট করার উপায় নিয়ে কাজ করছে অ্যাপল। এর মাধ্যমে আইফোন ও অ্যাপল ওয়াচ তৈরির প্রক্রিয়াকে আরও সাশ্রয়ী ও দক্ষ করার পরিকল্পনা রয়েছে।
এই নতুন উৎপাদন পদ্ধতি বিশেষ করে অ্যাপল ওয়াচের আবরণ (কেসিং) এবং আইফোনের মূল কাঠামো (বডি) তৈরির পদ্ধতিতে পরিবর্তন আনতে পারে।
তবে থ্রিডি প্রিন্ট প্রযুক্তি ব্যবহারে অ্যাপলের কাজ এবারই প্রথম নয়। এর আগে Apple Watch Ultra 3 এবং Apple Watch Series 11-এর কিছু অংশ তৈরিতে থ্রিডি প্রিন্ট করা টাইটানিয়াম ব্যবহার করা হয়েছিল। এসব উপাদান শতভাগ পুনর্ব্যবহারযোগ্য ছিল।
এ ছাড়া সম্প্রতি বাজারে আসা iPhone Air মডেলের টাইটানিয়াম ইউএসবি-সি সংযোগ পোর্ট তৈরিতেও এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই পদ্ধতিতে তৈরি পোর্ট আগের তুলনায় আরও পাতলা, মজবুত এবং পরিবেশবান্ধব বলে দাবি করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, থ্রিডি প্রিন্ট করা অ্যালুমিনিয়াম ব্যবহার শুরু হলে অ্যাপলের মোট উৎপাদন খরচ কমতে পারে। এতে আইফোনের মূল বা প্রাথমিক মডেলের দামও কিছুটা কমার সম্ভাবনা তৈরি হতে পারে।
সম্প্রতি অ্যাপল তাদের নতুন ল্যাপটপ MacBook Neo ঘোষণা করেছে, যেখানে অ্যালুমিনিয়ামের ব্যবহার কমানোর নতুন একটি উৎপাদন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। এর ফলে এই প্রাথমিক স্তরের ল্যাপটপটির শুরুর দাম ৫৯৯ ডলারে রাখা সম্ভব হয়েছে।
এ ছাড়া বছরের শেষদিকে নতুন iMac উন্মোচনের সময় রঙের নতুন সমাহার ব্যবহারের পরিকল্পনাও করছে অ্যাপল।



















