খুলনায় তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
- আপডেট সময় ১১:৫০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 22
খুলনায় তুচ্ছ ঘটনার জেরে বাবুল মোল্লা (৭৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে নগরীর রেলওয়ে হাসপাতাল রোডের মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবুল মোল্লা ওই এলাকার মৃত লালচান মোল্লার ছেলে। তিনি হাসপাতাল রোডের মাটিপট্টি বস্তিতে ভাড়া থাকতেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পানি ছেটানো নিয়ে বাবুল মোল্লার পরিবারের শিশুদের সঙ্গে প্রতিবেশী একটি পরিবারের শিশুদের তর্কাতর্কি হয়। পরে এটি বড়দের মধ্যে ঝগড়ায় রূপ নেয়। নিহতের মেয়ে রিমির অভিযোগ, বিকেলে মারধরের বিষয়টি পুলিশকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবীর হোসেন জানান, বিকেলে ঝগড়া মিটে গেলেও রাতে পুনরায় উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় কিল-ঘুষির মধ্যে পড়ে গুরুত্বর আহত হন বাবুল মোল্লা। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চলছে। ঘটনার প্রকৃত কারণ নিশ্চিতে তদন্ত অব্যাহত রয়েছে।”



















