ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় ০১:৩৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / 27
ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ অপতথ্য ও গুজব ছড়াচ্ছে উল্লেখ করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি।
অনুষ্ঠানে নয়জন সেবায়েত ও পুরোহিতের হাতে সম্মানীর অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকার আরও ৬৪ জন সেবায়েত ও পুরোহিতকে সম্মানী দেওয়া হয়।
তারেক রহমান বলেন, জনগণের সব অধিকার কেড়ে নিয়ে কংসের মতো নিষ্ঠুর শাসক জনগণের ওপর চেপে বসেছিল। হাজারো প্রাণের বিনিময়ে জনগণ সেই ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়েছে।
সমাজবিরোধী অপশক্তি যাতে কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এ ধরনের অপতথ্যের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এর আগে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে যোগ দিতে যান প্রধানমন্ত্রী। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের পাশাপাশি তার ব্যক্তিগত কর্মকর্তা ও প্রেস উইংয়ের সদস্যরা সঙ্গে ছিলেন।
অনুষ্ঠানে যাওয়ার পথে পথচারীরা প্রধানমন্ত্রীকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। তিনিও তাদের দিকে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।






















