আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী
- আপডেট সময় ০৪:৪৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / 23
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে—সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি এটিকে গুজবের অংশ হিসেবে উল্লেখ করেছেন।
বুধবার (১২ আগস্ট) সকালে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান জটিলতার বিষয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, দুই দেশের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো সমাধানযোগ্য। যেকোনো সমস্যা সমাধানে উভয় দেশের সরকার কাজ করবে।
অনুষ্ঠানে যুবসমাজের ভূমিকার কথা তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, সমাজের প্রতিটি স্তরে তরুণদের নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী যুবসমাজের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।
তথ্যমন্ত্রী বলেন, তরুণরাই একটি দেশ ও জাতির মূল শক্তি। তারা দেশের জন্য আশীর্বাদ। বর্তমান সময় তথ্যপ্রযুক্তির যুগ এবং বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করছে।
তিনি আরও বলেন, তরুণদের শক্তি দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বিশ্বজুড়ে যুবসমাজ সবচেয়ে বড় শক্তিগুলোর একটি।
একই অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ঘরে বসে যুবক ও নারীরা যাতে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারেন, সেই লক্ষ্যেও সরকার কাজ করছে।

























