আবারও বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান
- আপডেট সময় ০৬:৪৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / 22
আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব দেওয়া সাকিব আল হাসান আবারও বাংলাদেশের একটি দলের অধিনায়ক হতে যাচ্ছেন। এশিয়ার কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে বাংলাদেশ টাইগার্সের নেতৃত্ব দেবেন তিনি।
বুধবার (২৯ জুলাই) রাতে এশিয়ান লিজেন্ডস লিগের অফিশিয়াল ফেসবুক পেজে ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়। সেখানে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম এবং সহ-অধিনায়ক হিসেবে অলক কাপালির নাম রাখা হয়েছে।
দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকা সাকিব এবার জাতীয় দলের বাইরে থেকেই লাল-সবুজের প্রতিনিধিত্বকারী দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাচ্ছেন।
এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরটি আফ্রিকার দেশ জাম্বিয়ার লুসাকা স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ টাইগার্সের দলে সাকিব ও অলক কাপালির পাশাপাশি রয়েছেন দেশের ক্রিকেটের পরিচিত বেশ কয়েকজন সাবেক ও বর্তমান খেলোয়াড়।
বাংলাদেশ দলে আছেন ধীমান ঘোষ, মেহেদী মারুফ, শফিউল ইসলাম, আবুল হাসান রাজু, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার ঘোষ, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল ও সাদেকুর রহমান।
টুর্নামেন্টে বাংলাদেশ টাইগার্স ছাড়াও অংশ নেবে বর্তমান চ্যাম্পিয়ন এশিয়ান স্টার্স, ইন্ডিয়ান্স রয়্যালস, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স ও শ্রীলঙ্কান লায়ন্স।
ভারতের দলে থাকছেন শিখর ধাওয়ান, দীনেশ কার্তিক, হরভজন সিং ও সুরেশ রায়না। শ্রীলঙ্কার হয়ে খেলবেন কুমার সাঙ্গাকারা ও উপল থারাঙ্গা। পাকিস্তানের দলে রয়েছেন মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক ও উমর আকমালের মতো পরিচিত ক্রিকেটাররা।
বাংলাদেশ টাইগার্সের ১৬ সদস্যের দল হলো—সাকিব আল হাসান (অধিনায়ক), অলক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার ঘোষ, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল ও সাদেকুর রহমান।















