ফকল্যান্ড ইস্যুতে আর্জেন্টিনাকে গুনতে হতে পারে জরিমানা
- আপডেট সময় ০২:২১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / 26
ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ-সংক্রান্ত একটি ব্যানার নিয়ে উদযাপন করায় আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি জানিয়েছে, শৃঙ্খলা বিধিমালা লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আর্জেন্টিনাকে প্রায় ২৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।
বুধবার, ১৬ জুলাই (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রের আটলান্টায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার ‘ফকল্যান্ড আর্জেন্টিনার’ লেখা একটি ব্যানার নিয়ে উদযাপন করেন। এ ঘটনায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিফার কাছে তদন্তের দাবি জানান।
এরপর এক বিবৃতিতে ফিফা জানায়, ম্যাচ-সম্পর্কিত প্রতিবেদনগুলো শৃঙ্খলা কমিটি পর্যালোচনা করছে। ঘটনার প্রেক্ষাপটে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, তা মূল্যায়ন করা হচ্ছে।
ফিফা এখনও নিশ্চিত করেনি ব্যানারটি কোথা থেকে এসেছে বা কীভাবে মাঠে পৌঁছেছে। তবে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)-এর বিধিমালা অনুযায়ী, দল বা সমর্থকদের রাজনৈতিক বার্তা, পতাকা কিংবা প্রতীক প্রদর্শনের অনুমতি নেই। এ ধরনের বিধি লঙ্ঘনের ঘটনায় সর্বনিম্ন ৫ হাজার মার্কিন ডলার থেকে সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত আর্থিক জরিমানা করা যেতে পারে। বাংলাদেশি মুদ্রায় যার সর্বোচ্চ পরিমাণ প্রায় ২৪ লাখ ৬৮ হাজার টাকা।
ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের বিরোধ দীর্ঘদিনের। ১৯৮২ সালে ওই দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছিল। যুদ্ধে প্রায় ৬৫০ জন আর্জেন্টাইন, ২৫৫ জন ব্রিটিশ সেনাসহ তিনজন বেসামরিক নাগরিক নিহত হন।
ফকল্যান্ড ইস্যুতে এর আগেও শাস্তির মুখে পড়েছিল আর্জেন্টিনা। ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আগে একই ধরনের ব্যানার প্রদর্শনের ঘটনায় দেশটির ফুটবল ফেডারেশনকে ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল ফিফা।
এদিকে মাঠের পারফরম্যান্সে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ৫৫ মিনিটে পিছিয়ে পড়লেও ৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজ এবং যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। দুটি গোলেই সহায়তা করেন অধিনায়ক লিওনেল মেসি।
এ জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। রোববার, ১৯ জুলাই (স্থানীয় সময়) নিউজার্সিতে শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ স্পেন। সেই ম্যাচ জিততে পারলে ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে লিওনেল স্কালোনির শিষ্যরা।
























