‘ভেবেছিলাম আমিই দলকে ডুবিয়ে দিলাম’— মেসি
- আপডেট সময় ০৩:২৮:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / 19
পেনাল্টি মিসের পর নিজেকেই দলের সম্ভাব্য পরাজয়ের জন্য দায়ী মনে করেছিলেন লিওনেল মেসি। তবে দুই গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে জয়ের আনন্দের মধ্যেও নিজের পেনাল্টি মিসের হতাশার কথাই তুলে ধরেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
ম্যাচের ১৯ মিনিটে ১-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় সমতায় ফেরার দারুণ সুযোগ পায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে নেওয়া মেসির শট দুর্দান্ত দক্ষতায় প্রতিহত করেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের। সেই মুহূর্তে নিজের ভুলেই দলের ক্ষতি হয়ে গেল বলে মনে হয়েছিল মেসির।
তবে ম্যাচের চিত্র পরে পুরোপুরি বদলে যায়। ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় তুলে নেয়। দলের তিন গোলের একটিতে নিজে গোল করার পাশাপাশি আরেকটি গোলে অবদান রাখেন মেসি।
ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেসি বলেন, ‘পেনাল্টি মিস করার পর আমি ভীষণ রেগে গিয়েছিলাম নিজের ওপর। যেভাবে আমি শটটা নিয়েছি, তাতে আমার মনে হচ্ছিল, আমি পুরো দলকে ডুবিয়ে দিলাম।’
কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানো সহজ নয়। পরবর্তী রাউন্ডে যেতে পেরে আমি খুশি এবং যেভাবে আমরা এটা করেছি তা নিয়েও। ২-০ হওয়ার পর পরিস্থিতি কঠিন হয়ে গিয়েছিল এবং আবারও ম্যাচটি নিজেদের দিকে ঘুরিয়ে নেওয়াটা অনেক রোমাঞ্চকর যাত্রা ছিল।’
মেসি এর আগেও আর্জেন্টিনার মানসিক দৃঢ়তার প্রশংসা করেছেন। এবারও দলের লড়াকু মানসিকতার কথা উল্লেখ করে তিনি বলেন, এই দল আবারও প্রমাণ করেছে তারা শেষ পর্যন্ত বিশ্বাস ধরে রাখতে পারে। তার ভাষায়, ‘এই দলটা আরও একবার প্রমাণ করেছে, যা আমি অনেকবার বলেছি। আর আমি এটা জানি কারণ আমি ওদের চিনি, আমি জানি ওরা কীভাবে কাজ করে। এই গ্রুপটি লড়াই করতে বা বিশ্বাস রাখতে জানে। ওদের পাশে থাকাটাও আমার জন্য একটি সম্মানের বিষয়; আমরা যেকোনো দলের বিরুদ্ধে লড়াই করব।’
এই জয়ের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো দুই বা তার বেশি গোলে পিছিয়ে থেকেও জয় তুলে নেওয়ার কীর্তি গড়েছে আর্জেন্টিনা।
























