ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে পুনরায় শুরু হলো খেলা
- আপডেট সময় ০৪:৫০:৫০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / 90
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টির হানা দেওয়ায় ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে খেলা শুরু হওয়ায় ম্যাচটি এখন ১৭ ওভারের কার্টেল ওভারে অনুষ্ঠিত হবে।
আবহাওয়া অনুকূলে আসায় মাঠকর্মীদের প্রচেষ্টায় বিকেল সাড়ে ৪টায় পুনরায় খেলা শুরুর সময় নির্ধারণ করা হয়েছে।
আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ দল পাওয়ার প্লেতে ইতিবাচক শুরু করলেও দ্রুত তিন উইকেট হারিয়ে চাপের মুখে পড়েছে। খেলা বন্ধ হওয়ার আগে ৬.৪ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ৫০ রান।
অধিনায়ক লিটন দাস ২৫ রান এবং তাওহীদ হৃদয় ২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। বৃষ্টি নামার আগে বাংলাদেশ ১০ বল ও ১৪ রানের ব্যবধানে গুরুত্বপূর্ণ ৩টি উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে।
ইনিংসের দ্বিতীয় ওভারে সাইফ হাসানের জোড়া বাউন্ডারিতে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। তবে চতুর্থ ওভারের প্রথম বলেই জেইডন লেনক্সের শিকার হয়ে ফেরেন সাইফ (১৬)। এর পরপরই পঞ্চম ওভারে বড় ধাক্কা দেন কিউই পেসার নাথান স্মিথ।
ওভারের তৃতীয় বলে তানজিদ হাসান তামিমকে বোল্ড করার পর পরের বলেই পারভেজ হোসেন ইমনকে শূন্য রানে সাজঘরে ফেরান তিনি। হ্যাটট্রিক বলটি তাওহীদ হৃদয় রক্ষণাত্মকভাবে খেললেও চাপে পড়ে স্বাগতিক শিবির।
এর আগে টস জিতে সফরকারী নিউজিল্যান্ডের অধিনায়ক নিক ক্যালি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি সিরিজ জয়ের চূড়ান্ত সুযোগ।
চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় পেলেও দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে মাঠেই গড়াতে পারেনি। আজকের ম্যাচেও আবহাওয়ার বিরূপ প্রভাব খেলায় বারবার বিঘ্ন ঘটাচ্ছে।
বাংলাদেশ আজ একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। চোটের কারণে তানজিম হাসান সাকিবের পরিবর্তে দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
অন্যদিকে কিউই শিবিরে এসেছে দুটি পরিবর্তন। বেন লিস্টার ও ম্যাট ফিশারের জায়গায় সুযোগ পেয়েছেন জেডন লেনক্স ও বেন সিয়ার্স। ১৭ ওভারের এই সংক্ষিপ্ত ম্যাচে বড় সংগ্রহের লক্ষ্য নিয়ে পুনরায় ব্যাটিংয়ে নামবে লিটন বাহিনী।


























