ইরানের ফুটবলারদের বিশ্বকাপ খেলতে বাধা নেই, তবে থাকছে মার্কিন শর্ত
- আপডেট সময় ১০:২৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
- / 19
আসন্ন ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটতে শুরু করলেও নতুন শর্ত জুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানি ফুটবলারদের বিশ্বকাপে অংশগ্রহণে ওয়াশিংটনের কোনো আপত্তি নেই, তবে দলের সঙ্গে ‘ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী’র (আইআরজিসি) কোনো সদস্য বা সংশ্লিষ্ট কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কো রুবিও বলেন, “২০২৬ বিশ্বকাপে ইরানের খেলোয়াড়দের আসায় আমাদের কোনো বাধা নেই। তবে খেলোয়াড়রা যেন আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে সঙ্গে আনতে না পারে, সেটি নিশ্চিত করতে হবে। আমরা আইআরজিসির সন্ত্রাসীদের সাংবাদিক বা প্রশিক্ষক সেজে আমাদের দেশে প্রবেশের সুযোগ দিতে পারি না।” উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আইআরজিসি-কে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করে রেখেছে।
১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে বিশ্বকাপের ২৩তম আসর শুরু হতে যাচ্ছে। ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই মার্কিন যুক্তরাষ্ট্রে নির্ধারিত থাকায় শুরু থেকেই তাদের অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তাঁর প্রশাসন খেলোয়াড়দের ওপর কোনো রাজনৈতিক প্রভাব ফেলতে চায় না। তবে ট্রাম্পের ঘনিষ্ঠ দূত পাওলো জামপোল্লি ইরানের পরিবর্তে ইতালিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়।
মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক তীব্র সামরিক সংঘাতের প্রেক্ষাপটে এই নিরাপত্তা কড়াকড়ি আরোপ করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর বর্তমানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। ওয়াশিংটন মনে করছে, ফুটবল দলের আড়ালে আইআরজিসি সদস্যরা ছদ্মবেশে মার্কিন ভূখণ্ডে প্রবেশ করতে পারে, যা দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
তবে রাজনৈতিক এই টানাপোড়েনের মধ্যেও ইরান বিশ্বকাপ খেলতে অনড় অবস্থানে রয়েছে এবং ইতোমধ্যে দেশের বাইরে তাদের প্রস্তুতিমূলক ক্যাম্প শুরু করেছে। এখন দেখার বিষয়, ওয়াশিংটনের এই শর্ত মেনে ইরান কীভাবে তাদের প্রতিনিধি দল সাজায়।

























