পাকিস্তানকে ধন্যবাদ জানালো আসিফ নজরুল
- আপডেট সময় ০৭:১৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 48
বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশের সমর্থনে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানোর পর এই প্রতিক্রিয়া জানান তিনি।
বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আলোচনায় বলেন, বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে না নামার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তাঁর বক্তব্য উদ্ধৃত করে বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন ড. আসিফ নজরুল।
পোস্টে ক্রীড়া উপদেষ্টা লেখেন, ‘ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তাঁর দেশ ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।’
নিরাপত্তাজনিত কারণে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নেয়। গত ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানান ড. আসিফ নজরুল। সেদিন ঢাকায় ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, আইসিসির কাছ থেকে বাংলাদেশ সুবিচার পায়নি এবং সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই।
বাংলাদেশ নাম প্রত্যাহার করে নেওয়ায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পায় স্কটল্যান্ড। আইসিসি র্যাঙ্কিংয়ে বর্তমানে ১৪ নম্বরে থাকা দলটি ২৬ জানুয়ারি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের প্রতিপক্ষ ইতালি, ইংল্যান্ড, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ।
৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কটল্যান্ড। পরে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে কলকাতাতেই। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হবে তারা।





















