শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে ফের সতর্ক করলেন তথ্যবিষয়ক উপদেষ্টা
- আপডেট সময় ০৩:১৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / 32
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যম প্রচার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুনরায় সতর্ক করেছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
একই সঙ্গে তিনি বলেন, সরকার বিভিন্ন দেশের সঙ্গে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বজায় রেখে চলছে এবং এ বিষয়ে কোনো ভূরাজনৈতিক জটিলতায় নেই।
মঙ্গলবার (৪ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যকে সরকার গুরুত্ব দিচ্ছে না। তার ভাষ্য, এটি কেবল আস্ফালন এবং বাস্তবে তা বাস্তবায়নের সক্ষমতা তার নেই।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে সরকারের কূটনৈতিক যোগাযোগ স্বাভাবিক রয়েছে এবং এ নিয়ে কোনো ধরনের ভূরাজনৈতিক সমস্যা তৈরি হয়নি।
প্রেস ব্রিফিংয়ে বিদ্যুৎ ও জ্বালানির অতিরিক্ত বিলের অভিযোগ প্রসঙ্গেও কথা বলেন তথ্যবিষয়ক উপদেষ্টা। তিনি নাগরিকদের উদ্দেশে বলেন, অতিরিক্ত বিলের অভিযোগ থাকলে তা সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জমা দেওয়া উচিত।
তিনি জানান, অভিযোগ গ্রহণে কর্তৃপক্ষ অনীহা দেখালে বা যথাযথ প্রতিকার না মিললে সেই বিষয়টিও নির্দিষ্টভাবে কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানান তিনি।
জাহেদ উর রহমান বলেন, অতিরিক্ত বিলসংক্রান্ত অভিযোগ এর আগেও এসেছে এবং সেগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি জ্বালানি উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান। তার ভাষ্য, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে আগ্রহী।
তিনি আরও বলেন, এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণে ঢাকার বাইরে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহে প্রভাব পড়েছে। গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুতের ওপর চাপ বেড়েছে। তবে ধাপে ধাপে গ্যাস সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
খাদ্য পরিস্থিতি প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে।























