যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকারকে দায়ী করলেন নুরুল হক নূর
- আপডেট সময় ১১:৪০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / 21
যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের আগে সম্পাদিত বাণিজ্যচুক্তিকে দেশের স্বার্থবিরোধী বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তার দাবি, চুক্তিটি করেছিল অন্তর্বর্তী সরকার, তাই এর দায়ও তাদেরই।
শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে ‘যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তির প্রসঙ্গে নুরুল হক নূর বলেন, নির্বাচনের আগে অনির্বাচিত অন্তর্বর্তী সরকার কেন এ চুক্তি করেছিল, সেই প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন। তিনি দাবি করেন, বিভিন্ন মহল থেকে এ চুক্তির জন্য বিএনপিকে দায়ী করার চেষ্টা করা হলেও বাস্তবে এটি অন্তর্বর্তী সরকারের সময় সম্পন্ন হয়েছিল। তার ভাষ্য, যাদের ‘জুলাইয়ের নায়ক’ হিসেবে উপস্থাপন করা হয়েছিল, তাদের সম্মতিতেই দেশের স্বার্থবিরোধী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান সরকারের ওপর এ চুক্তির দায় চাপানো ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই আন্দোলন প্রসঙ্গে নূর বলেন, আন্দোলনকে একক কোনো রাজনৈতিক বয়ানে সীমাবদ্ধ করা উচিত নয়। তার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময়ে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে বিশেষ পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছিল, যা রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে।
তিনি আরও অভিযোগ করেন, আন্দোলনের শেষ দিকে বিদেশি শক্তির প্রভাব ছিল। তার দাবি, কিছু ছাত্রনেতাকে বিদেশি শক্তি নিয়ন্ত্রণ করেছিল এবং তাদের ব্যবহার করে সরকারকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল।
রাজনৈতিক সংকট নিরসনে সংসদীয় কমিটি ও সংলাপের ওপর গুরুত্বারোপ করে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, রাজপথে হুমকি বা পাল্টা হুমকির পরিবর্তে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজতে হবে। গোপন রাজনৈতিক তৎপরতার পরিবর্তে প্রকাশ্য রাজনৈতিক চর্চা গণতন্ত্রের জন্য অধিক সহায়ক বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে নুরুল হক নূর বলেন, সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগ এবং রাজনৈতিক কর্মকাণ্ডে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতিফলন দেখা যায়। তিনি আশা প্রকাশ করেন, আগামী পাঁচ বছরে তারেক রহমান দেশের উন্নয়নে কার্যকর নেতৃত্ব দিতে সক্ষম হবেন।
জামায়াত-শিবিরের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে নূর বলেন, অতীতের কিছু রাজনৈতিক সিদ্ধান্তের নেতিবাচক প্রভাবও রয়েছে। একই সঙ্গে তিনি নতুন প্রজন্মের রাজনৈতিক নেতাদের স্বাধীন ও নিজস্ব রাজনৈতিক অবস্থান গড়ে তোলার আহ্বান জানান।
যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস বাস্তবায়ন কমিটির আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা বক্তব্য দেন।

























