দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
- আপডেট সময় ০৭:২৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / 70
দেশে এখনও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা ও গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ধরনের সব ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলায় দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে পুরোপুরি সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহিয়া উপজেলা গঠিত হওয়ায় আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে দেশের জনগণের কাছে যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নে বর্তমান সরকার অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।
ঠাকুরগাঁও জেলার অবহেলিত অবকাঠামোগত উন্নয়নের চিত্র তুলে ধরে স্থানীয় সরকার মন্ত্রী জানান, ইতোমধ্যে ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী বছর থেকেই সেখানে নিয়মিত শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালু করা সম্ভব হবে। এর পাশাপাশি আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালুর সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মির্জা ফখরুল আরও জানান, সাধারণ মানুষের কল্যাণে সরকারের নেওয়া বিশেষ ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড কর্মসূচির কার্যক্রমও দেশব্যাপী শুরু হয়েছে। গ্রামীণ অবকাঠামো প্রসঙ্গে তিনি বলেন, সরকারের এই সামগ্রিক উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে এবং যেসব এলাকার রাস্তা-ঘাট এখনও উন্নয়নবঞ্চিত বা কাঁচা রয়েছে, সেগুলোও খুব দ্রুত পর্যায়ক্রমে পাকা করা হবে।
রুহিয়াবাসীর দীর্ঘদিনের প্রশাসনিক স্বপ্ন পূরণের এই ঐতিহাসিক দিনে এলাকার প্রয়াত প্রবীণ নেতাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, অনেক প্রবীণ নেতা আজ আমাদের মাঝে নেই, তারা পরপারে পাড়ি জমিয়েছেন। তবে নতুন উপজেলা গঠনে তাদের যে অবদান, তা রুহিয়ার মানুষ চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে মনে রাখবে। এছাড়া সব ধর্মের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ তাদের মূল্যবান ভোট দিয়ে তাকে নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দিয়েছেন।
তিনি দেশের রাজনৈতিক ও আন্তর্জাতিক অঙ্গনের একটি বড় অর্জনের কথা উল্লেখ করে বলেন, সকলের দোয়া ও সহযোগিতায় প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেছেন, যা সমগ্র দেশের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। তিনি এই অর্জনকে দেশের জনগণের জন্য একটি বড় সুখবর হিসেবে অভিহিত করে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।
দেশের ভবিষ্যৎ কর্ণধার তরুণ সমাজের উদ্দেশে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, তরুণেরা দেশের প্রাণ, তাই তাদের অবশ্যই সব ধরনের মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে। ভবিষ্যৎ বাংলাদেশের হাল ধরতে নতুন নেতৃত্ব গড়ে তোলার তাগিদ দিয়ে তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন ও সামগ্রিক অগ্রগতির জন্য তরুণ সমাজকে সবসময় ইতিবাচক ও অগ্রণী ভূমিকা রাখতে হবে।
উল্লেখ্য, গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নবগঠিত রুহিয়া উপজেলার প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে এর অস্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় শীর্ষপর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

























