বাংলাদেশ নিয়ে আইপিইউর ভুল ধারণা কেটেছে: স্পিকার
- আপডেট সময় ১১:৫২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / 14
বাংলাদেশ সম্পর্কে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ভুল ধারণা কেটে গেছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত আইপিইউর ১৫৩তম সম্মেলনে অংশগ্রহণ শেষে রোববার (১১ অক্টোবর) দেশে ফিরে তিনি এ কথা জানান।
গত ৫ অক্টোবর আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে তিনি এ দায়িত্ব বুঝে নেন।
একই দিন আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, এমপি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও বিস্তৃত হলো।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে সংসদীয় প্রতিনিধি দলে ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু। এ ছাড়া সংসদ সদস্য হিসেবে সফরে অংশ নেন সরওয়ার জামাল নিজাম, এ ই সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।
জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধি দল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুইয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁদের অভ্যর্থনা জানান জাতীয় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এ গ্রুপের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের স্পিকারের দায়িত্ব গ্রহণ এবং নির্বাহী কমিটিতে বাংলাদেশের প্রতিনিধির নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে দেশের অংশগ্রহণ আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে।























