অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান
- আপডেট সময় ১২:০১:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / 26
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সামরিক সম্মেলনে অংশ নিতে ৯ দিনের সরকারি সফরে ঢাকা ছেড়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরে দুই দেশের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের পাশাপাশি বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শনেরও কথা রয়েছে তাঁর।
শনিবার (৩ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন সেনাপ্রধান। রোববার (৪ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, সফরের প্রথম পর্যায়ে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সামরিক সম্মেলন ‘চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশ নেবেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
এ ছাড়া অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত ডিকিন বিশ্ববিদ্যালয়ও পরিদর্শন করবেন তিনি।
অস্ট্রেলিয়া সফর শেষে যুক্তরাষ্ট্রে যাবেন সেনাপ্রধান। সেখানে ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (এইউএসএ) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
৯ দিনের এই সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন সেনাপ্রধান। পাশাপাশি দেশ দুটির বিভিন্ন সামরিক স্থাপনাও পরিদর্শন করবেন তিনি।























