ব্যবসায়ীদের মাসিক ভ্যাট রিটার্ন দাখিলের নিয়ম পুনর্বহাল: এনবিআর
- আপডেট সময় ১০:০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / 31
ব্যবসা প্রতিষ্ঠানের জন্য চালু হওয়া তিন মাস পরপর ভ্যাট রিটার্ন দাখিল ও কর পরিশোধের ব্যবস্থা বাতিল করেছে সরকার। নতুন সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীদের আবার আগের নিয়মে প্রতি মাসের ভ্যাট রিটার্ন জমা দেওয়ার পাশাপাশি নির্ধারিত করও পরিশোধ করতে হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত সংশোধনী অনুমোদন করা হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
চলতি অর্থবছরের বাজেটে ব্যবসায়ীদের জন্য তিন কর মেয়াদ পরপর ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছিল। তবে পরবর্তী সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, নতুন এ ব্যবস্থার কারণে মূল্যসংযোজন কর বা ভ্যাট আদায়ের গতি প্রায় ২০ শতাংশ কমেছে। রাজস্ব আদায়ের গতি বাড়াতে তাই আগের নিয়ম ফিরিয়ে আনার প্রস্তাব দেয় সংস্থাটি।
এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মন্ত্রিসভার অনুমোদনের পর সংশোধিত নিয়ম কার্যকর হলে প্রতি মাসেই ভ্যাট রিটার্ন দাখিল ও প্রযোজ্য ভ্যাট পরিশোধ করতে হবে।
আগের ব্যবস্থায় তিনটি কর মেয়াদ শেষ হওয়ার পর সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে রিটার্ন জমা দেওয়ার সুযোগ ছিল। নতুন সিদ্ধান্তে সেই সুবিধা আর থাকছে না। এখন প্রতিটি কর মেয়াদ অর্থাৎ মাস শেষ হওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যেই সংশ্লিষ্ট রিটার্ন দাখিল করতে হবে।























