পুলিশের মনোবল ফিরেছে, আইনশৃঙ্খলায় রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় ০২:১৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / 26
রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর সংঘটিত কোনো অপরাধের ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে বা বিচারের আওতায় আনতে পারেনি—এমন ঘটনা নেই।
বুধবার, ২৬ আগস্ট রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর যে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে, সেই বাস্তবতার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে যে অবস্থায় পাওয়া গেছে এবং জনগণের প্রত্যাশার বিষয়টিও একসঙ্গে বিবেচনায় নিতে হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর আধুনিকায়ন, সদস্যদের মনোবল বৃদ্ধি এবং তাদের জনগণের সেবক হিসেবে কাজ করতে উদ্বুদ্ধ করার কাজ একসঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সরকারের ছয় মাসের কার্যক্রম তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, দায়িত্ব নেওয়ার পর সংঘটিত কোনো অপরাধের ঘটনায় পুলিশ গ্রেপ্তার করতে বা সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনতে পারেনি—এমন একটি ঘটনাও নেই। এটিকে সরকারের অন্যতম কৃতিত্ব বলেও উল্লেখ করেন তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভঙ্গুর মনোবল ও দুর্বল অবস্থায় দায়িত্ব নেওয়া পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যদের গত ছয় মাসে অবস্থার উন্নতি হয়েছে। তাদের মনোবল ফিরে এসেছে এবং তারা অপরাধ দমনে পূর্ণ শক্তি দিয়ে কাজ করছে।
রংপুরের একটি ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ঘটনাটি সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যেই সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। রামিসা হত্যাকাণ্ডসহ জাতীয়ভাবে আলোচিত ও অনালোচিত বিভিন্ন অপরাধের ক্ষেত্রেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রয়োজন অনুযায়ী সংক্ষিপ্ত সময়ে বিচারিক কার্যক্রম শেষ করার ক্ষেত্রেও সহযোগিতা করা হয়েছে। তার মতে, অল্প সময়ের মধ্যে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করা ঠিক হবে না।
পুলিশকে জনবান্ধব বাহিনীতে পরিণত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ইনশাআল্লাহ বাংলাদেশের পুলিশ বাহিনী জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি জনবান্ধব বাহিনীতে পরিণত হবে।
অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর আইনি কাঠামোতেও পরিবর্তন আনা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এসব বাহিনীর জবাবদিহিতা ও কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে ভালো কাজের জন্য সদস্যদের পুরস্কার, সনদ ও পদক দেওয়া হচ্ছে বলে জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বৈপ্লবিক পরিবর্তন আশা করা যায় না। তবে প্রধানমন্ত্রী ও গণমানুষের নেতা তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতিকে এমন পর্যায়ে উন্নীত করা সম্ভব হবে, যাতে জনগণের প্রত্যাশা পূরণ হয়।
এ জন্য সবার সহযোগিতা কামনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশেষ করে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে। সরকারও জনগণের সঙ্গে রয়েছে বলে জানান তিনি।






















