এসব হাসপাতাল কীভাবে অনুমোদন পায় সিডিএ চেয়ারম্যানের প্রশ্ন
- আপডেট সময় ০৬:২০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / 22
চট্টগ্রাম নগরের আবাসিক এলাকায় নকশা ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া গড়ে ওঠা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। অভিযানে অনুমোদিত নকশার বাইরে হাসপাতাল পরিচালনার বিভিন্ন চিত্র উঠে আসায় ক্ষোভ প্রকাশ করেছেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। একই সঙ্গে সিডিএর অনুমোদন না থাকা সত্ত্বেও স্বাস্থ্য অধিদপ্তর কীভাবে এসব প্রতিষ্ঠানকে লাইসেন্স বা অনুমোদন দিচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) সকালে নগরের ট্রিটমেন্ট হাসপাতাল, ল্যানসেট হাসপাতাল, শেভরন বেলভিউ ও একুশে হাসপাতালে অভিযান পরিচালনা করে সিডিএ। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। এ সময় সিডিএর প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল আজম ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে শেভরন হাসপাতালের ভবনে অনুমোদিত নকশার ব্যত্যয় পাওয়া যায়। অনুমোদিত নকশা অনুযায়ী ভবনটির গ্রাউন্ড ফ্লোর ও ফার্স্ট ফ্লোরে গাড়ি পার্কিংয়ের জায়গা রাখার কথা থাকলেও সেখানে অন্যান্য স্থাপনা ও অভ্যর্থনা কক্ষ নির্মাণ করা হয়েছে বলে জানায় সিডিএ।
এই অনিয়মের কারণে হাসপাতাল কর্তৃপক্ষকে আগামী তিন মাসের মধ্যে নকশাবহির্ভূত ও অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ট্রিটমেন্ট হাসপাতালে অভিযান চালানোর সময় মালিকপক্ষ বা কোনো দায়িত্বশীল প্রতিনিধিকে পাওয়া যায়নি। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুমোদিত নকশাসহ সিডিএ কার্যালয়ে উপস্থিত হয়ে ভবন ও প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, নকশা ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই বছরের পর বছর এসব বাণিজ্যিক চিকিৎসাসেবা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। সিডিএর অনুমোদন না থাকা সত্ত্বেও স্বাস্থ্য অধিদপ্তর বা ডিজি অফিস কীসের ভিত্তিতে এসব হাসপাতালকে অনুমোদন বা লাইসেন্স দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অভিযানে নকশাহীন ও বিভিন্ন ত্রুটিপূর্ণ হাসপাতালের মালিকপক্ষকে সতর্ক করেছে সিডিএ। ভবনের নকশা-সংক্রান্ত ত্রুটি সংশোধন এবং প্রয়োজনীয় অনুমোদন নেওয়ার জন্য এক মাসের সময়সীমা দেওয়া হয়েছে।
সিডিএ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যেসব প্রতিষ্ঠান নকশা ও অনুমোদনসংক্রান্ত ত্রুটি সংশোধনে ব্যর্থ হবে, সময়সীমা শেষ হওয়ার পর সেসব প্রতিষ্ঠান সিলগালা করার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নগরের অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকেও অনিয়ম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।



















