টেকনাফে যাত্রীবাহী বাস থামিয়ে ডাকাতি, ছুরিকাঘাতে আহত ১
- আপডেট সময় ০৬:০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 21
কক্সবাজারের টেকনাফে হাইওয়ে সড়কে ব্যারিকেড ফেলে একটি যাত্রীবাহী বাস থামিয়ে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করা হয় বলে অভিযোগ করা হয়েছে। আতঙ্ক সৃষ্টির জন্য কয়েক রাউন্ড গুলিও ছোড়া হয়েছে বলে স্থানীয়দের দাবি। ঘটনায় ছুরিকাঘাতে এক যাত্রী আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
রোববার, ২ আগস্ট দুপুরে টেকনাফের দমদমিয়া সংলগ্ন ১৪ নম্বর সেতু এলাকায় এ ঘটনা ঘটে। আহত মো. আল আরমান (২৫) টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী পালকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস হাইওয়ে সড়কে পেরেকযুক্ত কাঠ ফেলে থামিয়ে দেয় সশস্ত্র দুর্বৃত্তরা। এরপর তারা বাসে থাকা যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করে। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মো. আল আরমানকে ছুরিকাঘাতে আহত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এছাড়া দুর্বৃত্তরা বাসের যাত্রীদের পাশাপাশি বিকাশের এজেন্ট বা কর্মীদের কাছ থেকেও মোটা অঙ্কের অর্থ লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার খবর পেয়ে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে সড়কে ফেলে রাখা ব্যারিকেড সরিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেদের হেফাজতে নেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুরাইয়া জানান, ছুরিকাঘাতে আহত আল আরমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ, বিজিবি ও কোস্ট গার্ডের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



















