বন্ধুকে বাঁচাতে গিয়ে নরসিংদীতে চার মাদ্রাসাছাত্রীর ডুবে মৃত্যু
- আপডেট সময় ০৬:২৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / 17
নরসিংদীর রায়পুরা উপজেলার কাকন নদীতে গোসল করতে নেমে এক সহপাঠীকে উদ্ধার করার চেষ্টা করতে গিয়ে চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), একই গ্রামের রুবেল মিয়ার দুই মেয়ে জান্নাত ইসলাম (৮) ও আশেয়া (৯), এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মাদ্রাসা থেকে ৬ থেকে ৭ জন শিক্ষার্থী গোসল করতে কাকন নদীতে যায়। এ সময় একজন পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আরও কয়েকজন পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে চার শিশুকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নদী থেকে আরও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুর রহমান জানান, বেলা ১টার দিকে তিন শিশুকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়। তাদের কারও শ্বাস-প্রশ্বাস বা হৃদস্পন্দন ছিল না। অপর এক শিশুর মরদেহ তার বাড়িতে রয়েছে বলেও তিনি জানতে পেরেছেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, পানিতে ডুবে মারা যাওয়া চার শিশুর পরিচয় শনাক্ত করা হয়েছে। এছাড়া আরও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





















