কাল জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় ০৫:৩৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / 17
বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ আগামী বৃহস্পতিবার, ৯ জুলাই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
বুধবার, ৮ জুলাই সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।
তিনি বলেন, এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’।
পরিবেশমন্ত্রী জানান, রাজধানীতে পরিবেশ মেলা ও মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলার পাশাপাশি দেশের সাতটি বিভাগীয় শহরে ১৫ দিনব্যাপী, ৫৬টি জেলা সদরে সাত দিনব্যাপী এবং ২৯টি উপজেলায় তিন দিনব্যাপী বৃক্ষমেলার আয়োজন করা হবে। এবারের জাতীয় বৃক্ষমেলায় মোট ১২০টি স্টল থাকবে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে জাতীয় পর্যায়ে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে।
মন্ত্রী বলেন, কর্মসূচির আওতায় স্যাটেলাইটভিত্তিক পর্যবেক্ষণ, জিআইএস ও রিমোট সেনসিং প্রযুক্তির মাধ্যমে রোপণ করা গাছের অবস্থান ও প্রবৃদ্ধি ডিজিটালভাবে পর্যবেক্ষণ করা হবে।
এ ছাড়া একটি কেন্দ্রীয় ‘ট্রি মনিটরিং সিস্টেম’ চালুর মাধ্যমে সারাদেশে রোপণ করা গাছের তথ্য সংরক্ষণ ও টিকে থাকার হার পর্যবেক্ষণের জন্য জাতীয় ট্রি ডাটাবেজ তৈরি করা হবে বলেও জানান তিনি।
দুর্গম চরাঞ্চল, উপকূলীয় এলাকা এবং বনাঞ্চলে ড্রোন প্রযুক্তির মাধ্যমে বনায়ন কার্যক্রম পর্যবেক্ষণের পরিকল্পনার কথাও তুলে ধরেন পরিবেশমন্ত্রী।
তিনি বলেন, আগামী পাঁচ বছরে এ বনায়ন কর্মসূচির মাধ্যমে দেশের অর্থনীতিতে প্রায় সাড়ে তিন লাখ নতুন ‘গ্রিন জবস’ বা সবুজ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এর ফলে গ্রামীণ নারী ও যুবসমাজ নার্সারি পরিচালনা ও বৃক্ষরক্ষণাবেক্ষণ কার্যক্রমের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পাবে।
সংবাদ সম্মেলনে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস






















