প্রধানমন্ত্রীর নির্দেশে চিড়িয়াখানায় স্থান পেল ‘বাদশা বাহাদুর’
- আপডেট সময় ০৯:১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / 31
প্রধানমন্ত্রীর নির্দেশে বগুড়ার মহাস্থান এলাকায় দীর্ঘদিন ধরে থাকা ‘বাদশা বাহাদুর’ নামের হাতিটিকে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে। পর্যাপ্ত খাবার, চিকিৎসা ও পরিচর্যার অভাবে হাতিটি অসুস্থ হয়ে পড়ার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর প্রাণিটির সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এর পর প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে হাতিটিকে ঢাকার জাতীয় চিড়িয়াখানায় নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম হাতিটির মালিক আব্দুর শুকুরের সঙ্গে আলোচনা করেন। পরে তিনি স্বেচ্ছায় ‘বাদশা বাহাদুর’কে প্রাণিসম্পদ অধিদপ্তরের জিম্মায় দিতে সম্মতি জানান। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে অযত্ন ও অমানবিক পরিবেশে থাকা হাতিটি সরকারি তত্ত্বাবধানে আসে।
শনিবার, ৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়ার মহাস্থান বন্দরে আনুষ্ঠানিকভাবে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হাতিটি হস্তান্তর করা হয়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে হাতিটির মালিক স্বেচ্ছায় এটি সরকারের জিম্মায় দিয়েছেন। পরবর্তী সময়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হাতিটি হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’-এর প্রয়োজনীয় চিকিৎসা, উন্নত পরিচর্যা এবং উপযোগী পরিবেশ নিশ্চিত করা হবে। এর মাধ্যমে হাতিটি সুস্থ ও নিরাপদ পরিবেশে বসবাসের সুযোগ পাবে।
জিয়াউর রহমান আরও বলেন, হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষে শনিবার রাতেই ‘বাদশা বাহাদুর’কে জাতীয় চিড়িয়াখানার উদ্দেশে ঢাকার পথে পাঠানো হয়েছে।






















