এবার ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ সরকারের
- আপডেট সময় ০৫:৪৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / 66
বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য একক ডিজিটাল সেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘প্রবাসী কার্ড’ চালুর বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এই কার্ড কার্যকর হলে বর্তমান বিএমইটি (জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) কার্ডের আর কোনো প্রয়োজন থাকবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (২ জুন) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন।
সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, প্রবাসীদের বিভিন্ন ধরনের আলাদা আলাদা কার্ড ব্যবহার করার পরিবর্তে একটি সমন্বিত কার্ডের মাধ্যমেই প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করা হবে। তিনি জানান, একটি মাত্র কার্ডের মাধ্যমেই প্রবাসীদের সব ধরনের ডিজিটাল সেবা ও সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, শুধু প্রবাসী শ্রমিকরাই নন; ইউরোপ ও ল্যাটিন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিক এই কার্ডের জন্য আবেদন করার সুযোগ পাবেন। মূলত ক্রেডিট কার্ডের আদলে তৈরি হতে যাওয়া এই ‘প্রবাসী কার্ডে’ ডিজিটাল পরিচয়, আধুনিক ব্যাংকিং সুবিধা, রেমিট্যান্স ব্যবস্থাপনা এবং সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা এক প্ল্যাটফর্মে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, এই কার্ডের চূড়ান্ত সুবিধাগুলো এখনো প্রক্রিয়াধীন রয়েছে। তবে প্রবাসীদের জন্য সহজে রেমিট্যান্স পাঠানো, আন্তর্জাতিক ব্যাংকিং গেটওয়ে আরও উন্নত করা এবং বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত বিশেষ সুবিধা যুক্ত করার বিষয়ে কাজ চলমান রয়েছে। এর পাশাপাশি প্রবাসীদের জন্য দেশের ভূমি অফিস ও হাসপাতালসহ বিভিন্ন সরকারি জরুরি সেবায় অগ্রাধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা চলছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ নামে একটি বিশেষ সেল গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রী জানান, মঙ্গলবার থেকেই এই বিশেষ সেলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। প্রবাসীরা সরাসরি কিংবা নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে তাদের অভিযোগ জানাতে পারবেন এবং খুব শিগগিরই অভিযোগ পাঠানোর বিস্তারিত পদ্ধতি প্রকাশ করা হবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাঁচ সদস্যের এই বিশেষ সেলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মনিটরিং, আইন, কল্যাণ, সেবা ও এনফোর্সমেন্ট শাখার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। উক্ত সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক, মন্ত্রণালয়ের সচিব মোখতার হোসেন এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

























