জুলাই থেকে শিক্ষার্থীদের মিলবে পাটের তৈরি স্কুলব্যাগ ও পোশাক
- আপডেট সময় ০৩:৩৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / 14
আগামী জুলাই মাস থেকে দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরিবেশবান্ধব পাটের তৈরি স্কুলব্যাগ ও পোশাক বিতরণের ঘোষণা দিয়েছে সরকার। আজ বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এই তথ্য নিশ্চিত করেন।
বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, প্রথম ধাপে দেশের বিভিন্ন উপজেলার নির্দিষ্ট স্কুলগুলোর প্রথম শ্রেণির ১ লাখ শিক্ষার্থীর মাঝে এই পণ্যগুলো পৌঁছে দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে প্রতি উপজেলায় দুটি করে স্কুল নির্বাচন করা হবে, যার দায়িত্ব পালন করবে স্থানীয় প্রশাসন। সরকারের লক্ষ্য হলো কর্মসূচির প্রথম মাসেই অন্তত এক লাখ শিক্ষার্থীর হাতে উন্নতমানের ব্যাগ ও স্কুল ড্রেস তুলে দেওয়া।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রকল্পটি তিন মন্ত্রণালয়ের যৌথ সমন্বয় ও অর্থায়নে বাস্তবায়িত হবে। তিনি উল্লেখ করেন, সারা দেশের সকল প্রাথমিক স্কুলে পোশাকের মান ও নকশা অভিন্ন হবে, তবে লিঙ্গভেদে ছেলে ও মেয়েদের জন্য ব্যাগ এবং পোশাকের ধরনে ভিন্নতা থাকবে।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম এই উদ্যোগের পরিবেশগত গুরুত্ব তুলে ধরে বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো পাট শিল্পের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করা। বর্তমানে পলিথিনের ব্যবহারে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। শিক্ষার্থীদের শৈশব থেকেই পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করতে এবং পলিথিনমুক্ত সমাজ গড়তে এই কর্মসূচি বিশেষ ভূমিকা রাখবে।”
এর আগে গত ১৩ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছিলেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এই বিনামূল্যে পোশাক বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বছরে একবার প্রতিটি শিক্ষার্থী এই সুবিধা পাবে। সরকার আশা করছে, বর্তমান মেয়াদের মধ্যেই পর্যায়ক্রমে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই প্রকল্পের আওতায় আনা সম্ভব হবে।
এই উদ্যোগের ফলে পাট চাষি ও শিল্পের সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের মাঝে নতুন করে প্রাণের সঞ্চার হবে এবং নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের শিক্ষার ব্যয়ভার লাঘব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।






















