মালয়েশিয়ায় আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি পরিদর্শনে সেনাপ্রধান
- আপডেট সময় ০৭:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / 6
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় অবস্থান করছেন।
আজ সোমবার (২০ এপ্রিল) তিনি কুয়ালালামপুরে অনুষ্ঠিত এশিয়ার অন্যতম বৃহত্তম প্রতিরক্ষা প্রদর্শনী ‘দ্য ডিফেন্স সার্ভিসেস এশিয়া (ডিএসএ) ও ন্যাশনাল সিকিউরিটি এশিয়া (ন্যাটসেক এশিয়া) ২০২৬’ পরিদর্শন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সফরের বিস্তারিত তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে এই প্রদর্শনীতে অংশ নিচ্ছেন। প্রদর্শনীতে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি এবং সর্বাধুনিক নিরাপত্তাসামগ্রী পর্যবেক্ষণ করেন তিনি। এর আগে গত রোববার (১৯ এপ্রিল) তিনি ঢাকা ত্যাগ করে মালয়েশিয়া পৌঁছান। এই সফরের মাধ্যমে আধুনিক সমরকৌশল ও প্রযুক্তিগত উৎকর্ষের বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
সফরসূচি অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) সেনাপ্রধান ‘৮ম পুত্রজায়া ফোরাম’-এ অংশগ্রহণ করবেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ‘আসিয়ান’ অঞ্চলের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে উদীয়মান প্রযুক্তির প্রভাব নিয়ে এই ফোরামে বিস্তারিত আলোচনা হবে। বিশেষ করে সমন্বিত নিরাপত্তা নীতি ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধির বিষয়ে জোটভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা সেখানে মতবিনিময় করবেন।
আইএসপিআর আরও জানায়, সফরকালীন সময়ে মালয়েশিয়ার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে জেনারেল
ওয়াকার-উজ-জামানের দ্বিপাক্ষিক বৈঠকের পরিকল্পনা রয়েছে। এই সফরের মধ্য দিয়ে বন্ধুপ্রতিম দেশ দুটির মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে পারস্পরিক সহযোগিতা নতুন মাত্রা পাবে বলে মনে করা হচ্ছে।

























