মধ্যপ্রাচ্য
হামাসের হুঁশিয়ারি: ফিলিস্তিনি বন্দিদের মুক্তি না দিলে ইসরাইলের সাথে কোনো আলোচনা নয়
- আপডেট সময় ০১:০০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
- / 63
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে, ফিলিস্তিনি বন্দিদের মুক্তি না দেওয়া হলে যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ের কোনো আলোচনা ইসরাইলের সাথে করবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে হামাস। হামাসের এ দাবি ইসরাইলের চুক্তি লঙ্ঘন ও চরম অপমানজনক আচরণের প্রতি তাদের ক্ষোভের প্রতিফলন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) ইসরাইল জানায়, হামাস ইসরাইলের ছয়জন জীবিত জিম্মিকে মুক্তি দিয়েছে এবং চারজনের মৃতদেহ হস্তান্তর করেছে। কিন্তু এর বিনিময়ে ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও ইসরাইল সেই সিদ্ধান্ত স্থগিত করেছে। হামাস এই পদক্ষেপকে চুক্তি লঙ্ঘন হিসেবে উল্লেখ করে অভিযোগ করেছে, ইসরাইল বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করছে এবং এতে পুরো চুক্তি ‘মারাত্মক বিপদে’ পড়তে পারে।
এই পরিস্থিতিতে হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মার্কিন যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারীদের কাছে ইসরাইলের উপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইসরাইলের সিদ্ধান্ত পুরো প্রক্রিয়াকে বিপথে নিয়ে যেতে পারে এবং এর ফলে কোনো সুষ্ঠু সমাধান আসবে না।
এদিকে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে দিয়েছেন, যুদ্ধবিরতি স্থায়ী নয় এবং যেকোনো মূল্যে নতুন সংঘাত এড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। তিনি আরও বলেন, অবশিষ্ট সব জিম্মিকে মর্যাদার সাথে মুক্তি দিতে হবে, যাতে শান্তি প্রতিষ্ঠার পথে একধাপ এগোনো সম্ভব হয়।
চুক্তির প্রথম ধাপ এবং ছয় সপ্তাহের যুদ্ধবিরতি মেয়াদ শনিবার শেষ হতে যাচ্ছে, তবে পরবর্তী পদক্ষেপের বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট আলোচনা শুরু হয়নি।

























