গাজায় নিহত সাংবাদিক বেড়ে ২৬৩
- আপডেট সময় ১০:৫৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 59
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬৩ জনে দাঁড়িয়েছে। বুধবার ফিলিস্তিনি সাংবাদিক মুহাম্মদ আবদেল আজিজ আল-নাজ্জার ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হওয়ার পর এই সংখ্যা ২৬৩-এ পৌঁছেছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস।
এক বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ২৬৩ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন।
বিবৃতিতে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা এবং হত্যার অভিযোগ করা হয়েছে। এসব ঘটনার নিন্দা জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস।
গাজায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে সংঘটিত কর্মকাণ্ডের নিন্দা জানাতে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন, আরব সাংবাদিক ফেডারেশনসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
একই সঙ্গে এসব ঘটনার আন্তর্জাতিক তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি আহত হয়েছেন। এ সময় গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে বলেও দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।























