গাজায় ভবন ধ্বংস, নিহত ১৬
- আপডেট সময় ০৫:০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / 15
ফিলিস্তিনের গাজা সিটিতে যুদ্ধেছ্রি ক্ষতিগ্রস্ত একটি সাততলা আবাসিক ভবন ধসে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে প্রায় ১০০ জন আটকা পড়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সিভিল ডিফেন্স জানায়, মঙ্গলবার রাতে ভবনটি ধসে পড়ে। এতে প্রথমে ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৪ জন।
উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে শিশু ও অন্যদের উদ্ধারের চেষ্টা করছেন। স্থানীয় বাসিন্দারাও তাদের কাজে সহযোগিতা করছেন। যাচাই করা ভিডিওতে ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুদের কান্না ও সাহায্যের আকুতি শোনা গেছে।
এক ভিডিওতে ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় একটি ছোট মেয়েকে উদ্ধার করতে দেখা যায়। আরও কয়েকজনকে জীবিত বের করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনের শ্বাসকষ্ট হচ্ছিল।
গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে কাজ চলছে। তবে প্রয়োজনীয় ভারী সরঞ্জাম না থাকায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, এর আগে ইসরায়েলি বোমা হামলায় ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। হামলার পর ভবনটিতে ফাটল দেখা দেয় এবং কাঠামো দুর্বল হয়ে পড়ে। পরে ভবনটি ধসে যায়।
মাহমুদ বাসাল বলেন, আশ্রয়কেন্দ্র ও পর্যাপ্ত তাঁবুর অভাবে অনেক ফিলিস্তিনি ঝুঁকিপূর্ণ ভবনেই থাকতে বাধ্য হচ্ছেন। একই সঙ্গে উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় ভারী সরঞ্জাম প্রবেশেও বিধিনিষেধ রয়েছে।
এ কারণে ভবনধসের ঘটনায় উদ্ধারকর্মীদের অনেক সময় হাতে করে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের কাছে পৌঁছাতে হচ্ছে। এতে উদ্ধারকাজ আরও ধীর হয়ে পড়ছে।
খবর: আল-জাজিরা























