ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন তথ্য নেই: জয়সোয়াল
- আপডেট সময় ১২:০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / 20
নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে বর্তমানে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।
ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, ব্রিকস সম্মেলনকে সামনে রেখে বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো যোগাযোগ হয়েছে কি না এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনে যোগ দেবেন কি না। তিনি অংশ নিতে না পারলে বাংলাদেশের পক্ষ থেকে অন্য কেউ প্রতিনিধিত্ব করবেন কি না, সেটিও জানতে চাওয়া হয়।
জবাবে রণধীর জয়সোয়াল বলেন, এ বিষয়ে তার কাছে বর্তমানে নতুন কোনো তথ্য নেই।
এর আগে গত ১৪ আগস্টের ব্রিফিংয়ে জয়সোয়াল জানিয়েছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের জন্য ভারত আমন্ত্রণ জানিয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাকে এই আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনের আউটরিচ পর্বে অংশগ্রহণের জন্যও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান তিনি।
এদিকে ব্রিফিংয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার নিয়েও সাংবাদিকরা প্রশ্ন করেন। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এসব সাক্ষাৎকারের বিষয়ে ভারত সরকারের কোনো অবস্থান রয়েছে কি না জানতে চাইলে জয়সোয়াল বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে তার কিছু বলার নেই।
এক সাংবাদিক শেখ হাসিনার সাম্প্রতিক একটি টেলিভিশন সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে ধরেন। সেখানে শেখ হাসিনা দাবি করেছেন, ডিসেম্বর মাসে দেশে ফেরার বিষয়ে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কোনো ‘ব্যাক চ্যানেল’ যোগাযোগ বা আলোচনা চলছে না। একই সঙ্গে দেশে ফিরে ন্যায়বিচার ও নিরাপত্তা চান বলেও তিনি উল্লেখ করেছেন।
শেখ হাসিনা এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে কোনো আলোচনা করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন, এ সম্পর্কেও তার কাছে কোনো তথ্য নেই।























