ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন আদালতে মামলা
- আপডেট সময় ১২:৫২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / 20
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছে প্রকাশনা প্রতিষ্ঠান দ্য ইন্টারসেপ্ট এবং অলাভজনক সংস্থা ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন। ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সেবার মাধ্যমে তার পোস্টে আগাম প্রবেশাধিকার বিক্রি বন্ধ করাই মামলাটির লক্ষ্য বলে আদালতে দাখিল করা নথিতে উল্লেখ করা হয়েছে।
বুধবার আদালতে জমা দেওয়া নথিতে বাদীপক্ষের অভিযোগ, সাবস্ক্রিপশনভিত্তিক এই সেবার মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রবেশাধিকার সীমিত করা হবে।
অভিযোগপত্রে বলা হয়েছে, এই কার্যক্রম ‘গভীরভাবে দুর্নীতিগ্রস্ত’। এতে আরও দাবি করা হয়েছে, বাজারে প্রভাব ফেলতে পারে—এমন সরকারি তথ্যের ক্ষেত্রে যারা অর্থ দিতে ইচ্ছুক ও সক্ষম, তাদের কাছে তথ্য সরবরাহ করে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে।
মামলায় সংবাদমাধ্যমের স্বাধীনতার বিষয়ে মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর উল্লেখ করা হয়েছে। বাদীপক্ষের যুক্তি, এই সেবা প্রেসিডেন্টের জনসাধারণের উদ্দেশে দেওয়া ঘোষণায় সবার সমান প্রবেশাধিকারের সাংবিধানিক নিশ্চয়তা লঙ্ঘন করবে।
মামলায় আরও দাবি করা হয়েছে, সাবস্ক্রিপশন সেবাটি মার্কিন সংবিধানের পঞ্চম সংশোধনীর সুরক্ষারও পরিপন্থী। বাদীপক্ষের যুক্তি, সরকারি তথ্য পাওয়ার জন্য সরকারকে ইচ্ছামতো অর্থ আদায় থেকে এই সংশোধনী বিরত রাখে।
মামলায় ট্রাম্পকে তার সরকারি পদমর্যাদায় বিবাদী করা হয়েছে। এর পাশাপাশি হোয়াইট হাউসের সহযোগী নাটালি হার্প এবং ডেপুটি চিফ অব স্টাফ ড্যানিয়েল স্ক্যাভিনোর নামও বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে।
মামলার মূল বিষয় হিসেবে রয়েছে ‘ট্রুথ এপিআই’ নামের একটি সাবস্ক্রিপশন সেবা। ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের এই সেবাটি জুলাইয়ে ঘোষণা করা হয় এবং ১ আগস্ট চালু হয়।
সেবাটিতে মাসে ৬০ হাজার থেকে ১ লাখ ডলার পর্যন্ত অর্থ নেওয়া হয়। এর বিনিময়ে গ্রাহকরা ট্রাম্প এবং ট্রুথ সোশ্যালসহ ওই প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলোর পোস্টে রিয়েল-টাইম বা তাৎক্ষণিক প্রবেশাধিকার পান।


























