যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা সোমবার
- আপডেট সময় ০৯:২৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / 22
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, সোমবার থেকে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি ও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতার আশাও প্রকাশ করেছেন ট্রাম্প। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান।
রোববার (২ আগস্ট) প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। তার দাবি, হরমুজ প্রণালি সংক্রান্ত বিষয়ে ইতোমধ্যে একটি সমঝোতা হয়েছে এবং পরমাণু নিরস্ত্রীকরণ নিয়েও অগ্রগতি সম্ভব।
ট্রাম্প আরও জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক অভিযান স্থগিত করা হয়েছে। তার ভাষ্য, মধ্যস্থতাকারী দেশগুলো আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ দিতে তাকে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল।
এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যস্থতাকারীরা তেহরানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেখানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্ররা তাকে সামরিক অভিযান থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। কারণ, সম্ভাব্য সমঝোতার মৌলিক কাঠামো নিয়ে উভয় পক্ষের মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তবে ট্রাম্পের এসব বক্তব্যের বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগেও তিনি একাধিকবার আলোচনার মাধ্যমে সংঘাতের অবসানের আশাবাদ ব্যক্ত করেছিলেন। কিন্তু পরবর্তীতে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার কারণে সেই উদ্যোগগুলো বাস্তবায়িত হয়নি।
এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি কবে হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা দিতে চান না। তিনি বলেন, পরিস্থিতি কীভাবে এগোয় সেটিই এখন দেখার বিষয়। পাশাপাশি তিনি দাবি করেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র যেকোনো সময় পদক্ষেপ নিতে প্রস্তুত থাকলেও তার লক্ষ্য যুদ্ধ নয়, বরং প্রাণহানি এড়ানো।

























