ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৮, আহত অন্তত ৬২
- আপডেট সময় ০৬:২৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / 15
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দুটি বড় লজিস্টিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রুশ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এ হামলায় অন্তত আটজন নিহত এবং ৬২ জন আহত হয়েছেন। হামলার দায় স্বীকার করে ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার গুরুত্বপূর্ণ লজিস্টিক ও সামরিক সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করেই এ অভিযান চালানো হয়েছে।
শনিবার (১৮ জুলাই) আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
রুশ কর্মকর্তাদের বরাতে জানা যায়, মস্কো থেকে প্রায় ৪৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে তামবভ শহরের একটি লজিস্টিক গুদামে ড্রোন হামলায় সাতজন রাতের শিফটের কর্মী নিহত হন। এ ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন।
তামবভ অঞ্চলের গভর্নর ইভজেনি পারভিশভ এ ঘটনাকে অঞ্চলের ইতিহাসে ‘সবচেয়ে বড় এবং অমানবিক’ ড্রোন হামলা হিসেবে উল্লেখ করেছেন।
এদিকে মস্কো অঞ্চলের ইলেকট্রোস্টাল এলাকায় অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘ওয়াইল্ডবেরিজ’-এর আরেকটি গুদামে পৃথক ড্রোন হামলায় একজন নিহত এবং ৩৭ জন আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিশাল গুদাম ভবনে আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়া দেখা যায়। আগুনের মধ্যে শ্রমিকদের নিরাপদ স্থানে সরে যেতে দেখা গেছে।
হামলার দায় স্বীকার করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার এমন কয়েকটি গুরুত্বপূর্ণ লজিস্টিক স্থাপনায় হামলা চালানো হয়েছে, যেগুলো ড্রোন উৎপাদন ও নেভিগেশন সরঞ্জামসহ সামরিক সরবরাহ ব্যবস্থায় ব্যবহৃত হচ্ছিল। তিনি আরও জানান, এ অভিযানের অংশ হিসেবে আজভ সাগর, কৃষ্ণ সাগর এবং রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়াতেও হামলা চালানো হয়েছে।
জেলেনস্কির ভাষ্য, ইউক্রেনের বেসামরিক অবকাঠামো ও শহরগুলোতে রাশিয়ার সাম্প্রতিক হামলার জবাব হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিভ জানান, ইলেকট্রোস্টাল গুদামে আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি দাবি করেন, ওই অঞ্চলে রাতভর প্রায় ৪৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।
রুশ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভূপাতিত একটি ড্রোনের ধ্বংসাবশেষ একটি তেল ডিপোতে পড়ে আগুন ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটায়। অন্যদিকে প্রেসিডেন্ট জেলেনস্কিও একটি তেল স্থাপনায় হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
রাশিয়ার জনপ্রিয় অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের প্রধান নির্বাহী তাতিয়ানা কিম এ ঘটনাকে কোম্পানি ও দেশের জন্য ‘ভয়াবহ রাত’ বলে উল্লেখ করেছেন।
সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে জ্বালানি ও লজিস্টিক অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা বাড়িয়েছে। ইউক্রেনের দাবি, এসব স্থাপনা রাশিয়ার সামরিক অভিযানের গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় সেগুলো বৈধ সামরিক লক্ষ্যবস্তু। অন্যদিকে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ অব্যাহত রয়েছে।




















