যুক্তরাষ্ট্র-ইরানকে সংলাপে ফেরার আহ্বান চীন ও পাকিস্তানের
- আপডেট সময় ০৫:০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / 23
যুক্তরাষ্ট্র ও ইরানকে অবিলম্বে সংঘাত বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছে চীন ও পাকিস্তান। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে সংলাপের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
শুক্রবার, ১৭ জুলাই সাংহাইয়ে অনুষ্ঠিত বৈঠকের পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার যৌথ বিবৃতিতে বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা সংশ্লিষ্ট সব পক্ষকে দ্রুত শত্রুতা বন্ধ করে কূটনৈতিক আলোচনায় ফিরে আসার আহ্বান জানান।
যৌথ বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে গত কয়েক মাস ধরে চীন ও পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা চালিয়ে আসছে। জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা হলেও, এক মাসের মাথায় হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে।
ওয়াং ই বলেন, “এই সমঝোতা অনেক কঠিন প্রচেষ্টার ফল। শান্তি এখন আমাদের সামনে। শেষ মুহূর্তে এসে তা নষ্ট করা উচিত নয় এবং অর্জিত অগ্রগতিও হারানো যাবে না।”
এদিকে শুক্রবারও যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র বিমানবন্দর, রেলস্টেশন এবং দুটি সেতুসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
অন্যদিকে ইরান জানিয়েছে, জবাবে তারা কুয়েতে যুক্তরাষ্ট্রের মিত্রদের সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।
জুনের সমঝোতার পর সাময়িকভাবে হরমুজ প্রণালি খুলে দেওয়া হলেও, গত সপ্তাহে ইরান ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্র হামলা বন্ধ না করা পর্যন্ত প্রণালিটি আবারও বন্ধ থাকবে।
এদিকে যুক্তরাষ্ট্রও ইরানের সমুদ্রবন্দরগুলোর ওপর পুনরায় অবরোধ আরোপ করেছে। ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংকট আরও জটিল আকার ধারণের আশঙ্কা তৈরি হয়েছে।























