মধ্যপ্রাচ্য উত্তেজনার মাঝে সাইপ্রাসে ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার অভিযোগ
- আপডেট সময় ১০:৪৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / 16
সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর আক্রোতিরি ঘাঁটিতে সন্দেহভাজন একটি ড্রোন আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের বরাতে জানা গেছে, সোমবার সাইপ্রাসের প্রধান সমুদ্রবন্দর ও দ্বিতীয় বৃহত্তম শহর লিমাসলের নিকটবর্তী ঘাঁটিটিতে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সাইপ্রাসের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে ইঙ্গিত মিলেছে যে মানুষবিহীন একটি ড্রোন এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। ড্রোনের আঘাতে সীমিত পরিসরে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
পূর্ব ভূমধ্যসাগরীয় দ্বীপ রাষ্ট্র সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য। দেশটিতে যুক্তরাজ্য তাদের দুটি সামরিক ঘাঁটির ওপর সার্বভৌম অধিকার ধরে রেখেছে। এর একটি হলো আরএএফ আক্রোতিরি।
এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েল এবং বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনাকে ঘিরে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট হামলার পর পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
এই প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সাইপ্রাসের মাটিতে ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ড্রোন আঘাতের খবর নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে ড্রোনটি কোথা থেকে উড়ানো হয়েছে এবং কারা এর পেছনে জড়িত, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

















