কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলার রায় ঘোষণা আজ
- আপডেট সময় ১১:৪৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / 15
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় জুলাই গণ-অভ্যুত্থানের সময় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি এবং পৃথক ঘটনায় আরও দুজনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ রোববার (২৮ জুন) ঘোষণা করা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেবেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম এবং বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী। রায় সরাসরি সম্প্রচার করা হবে।
মামলায় মোট পাঁচজন আসামি রয়েছেন। তাঁদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান এবং সাবেক উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়া পলাতক। অপর আসামি রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার বর্তমানে কারাগারে রয়েছেন।
প্রসিকিউশনের পক্ষ থেকে মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই দুপুরে বনশ্রী এলাকায় মো. নাদিম হোসেনকে গুলি করে হত্যা করা হয়। দ্বিতীয় অভিযোগে একই দিনে নির্মাণাধীন একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করে গুরুতর আহত করার কথা উল্লেখ করা হয়েছে। তৃতীয় অভিযোগে বিকেলে বনশ্রী এলাকায় সাত বছর বয়সী বাসিত খান মুসাকে গুলি করে হত্যা করা হয় এবং একই গুলিতে নিহত হন তাঁর দাদি মায়া ইসলাম।
গত বছরের ৩১ জুলাই তদন্ত সংস্থা মামলার তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয়। পরে ৭ আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে ১৮ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয় গত বছরের ২৩ অক্টোবর এবং শেষ হয় চলতি বছরের ১৩ জানুয়ারি। এরপর ৩ ফেব্রুয়ারি যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ থাকে। প্রথমে ৪ মার্চ রায় ঘোষণার দিন নির্ধারণ করা হলেও পরে তা স্থগিত হয়। সর্বশেষ গত ১৫ জুন ট্রাইব্যুনাল ২৮ জুন রায় ঘোষণার নতুন তারিখ নির্ধারণ করেন।
























