২৫ জেলায় তাপপ্রবাহ, আজ কমতে পারে গরম
- আপডেট সময় ০৯:৩৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / 44
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির পরিমাণ কমেছে। এতে বিভিন্ন এলাকায় গরম বাড়লেও কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার ঢাকাসহ দেশের ২৫টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। তবে বুধবার (১৬ সেপ্টেম্বর) তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ফেনীতে। একই দিন রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার সন্ধ্যায় আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, চাঁদপুর, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, বরিশাল ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব এলাকার কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির কারণে এসব এলাকায় তাপমাত্রা কিছুটা কমে গরমের তীব্রতা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

























