বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ
- আপডেট সময় ০৬:০১:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / 20
সাতক্ষীরা সদর উপজেলার একটি মাছের ঘের থেকে সুমন হোসেন (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। সোমবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুমন হোসেন সদর উপজেলার কৈখালী গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি ইসলামি বক্তা ও জামায়াত মনোনীত লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মনোয়ার হোসেনের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।
সুমনের বাবা আব্দুল হামিদ জানান, রোববার দিবাগত রাতে খেলা দেখতে বাড়ি থেকে বের হন তাঁর ছেলে। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। সোমবার সকালে কৈখালী এলাকার কেসমত আলীর মাছের ঘেরে সুমনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
মাওলানা মনোয়ার হোসেনের দাবি, ঘটনাস্থলের আলামত দেখে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তাঁর অভিযোগ, সুমনকে টেনে নিয়ে গিয়ে পোশাক খুলে নেওয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।





















