সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষকে নিয়েই দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
- আপডেট সময় ০২:০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / 8
সোমবার (১৩ জুলাই): দল-মত, শ্রেণি-পেশা ও ধর্ম নির্বিশেষে দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশ পুনর্গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের সমর্থন যতদিন থাকবে, ততদিন দেশকে এগিয়ে নিতে সরকার কোনো বাধাকে বাধা হিসেবে দেখবে না।
সোমবার সকালে বরিশালের গৌরনদীর বাটাজোরে ফ্যামিলি কার্ডধারী নারীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশকে পুনর্গঠন এবং উন্নয়নের ধারায় এগিয়ে নিতে চায়। তিনি উল্লেখ করেন, বিএনপির রাজনৈতিক শক্তির মূল উৎস জনগণ। জনগণের সমর্থন অব্যাহত থাকলে সরকার দেশের উন্নয়ন ও পুনর্গঠনের কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দল, মত, শ্রেণি-পেশা ও ধর্ম নির্বিশেষে সবাইকে দেশ গড়ার কাজে সমর্থন ও সহযোগিতা করতে হবে।
অনুষ্ঠানে ফ্যামিলি কার্ডের একজন সুবিধাভোগী পারুল আখতার জানান, কার্ডটি পাওয়ার পর তাঁর পরিবারের আর্থিক সংকট কিছুটা লাঘব হয়েছে এবং সংসার পরিচালনায় সুবিধা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য হলো দেশের মা ও নারীদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনা এবং তাদের কিছুটা হলেও স্বস্তি দেওয়া।
তিনি বলেন, দেশের প্রতিটি নারীর হাতে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে সরকারের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন। নারী সমাজ সরকারের পাশে থাকলে এ কর্মসূচি সারা দেশে বিস্তৃত করা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে। এর ফলে নারীদের শিক্ষা ও অর্থনৈতিক সক্ষমতা ধীরে ধীরে আরও শক্তিশালী হবে বলে তিনি মন্তব্য করেন।
দেশ পরিচালনায় সরকারের লক্ষ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘করব কাজ—গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এবং ‘করব কাজ—গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে। দেশের প্রতিটি মানুষ যেন শান্তিপূর্ণভাবে ও উন্নত পরিবেশে বসবাস করতে পারে, সেটিই সরকারের উদ্দেশ্য।
তিনি বলেন, সরকার দেশের সব ধর্মাবলম্বী মানুষকে সঙ্গে নিয়ে সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে চায়। ধৈর্য, পারস্পরিক শ্রদ্ধা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য হলো সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করে আসছে। ভবিষ্যতেও কোনো ধরনের ভেদাভেদ ছাড়া মানবিকতার ভিত্তিতে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করতে চায় সরকার।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
গৌরনদীর ফ্যামিলি কার্ডধারী নারীদের সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরিশাল শহরের উদ্দেশে রওনা হন। সেখানে ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।




















