তিন নতুন উপজেলা গঠনে সরকারের প্রজ্ঞাপন জারি
- আপডেট সময় ০২:৫৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / 18
প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে চট্টগ্রাম, ময়মনসিংহ ও কুমিল্লা জেলায় তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন উপজেলা তিনটি হলো— ‘ফটিকছড়ি উত্তর’, ‘দক্ষিণ গফরগাঁও’ এবং ‘বাঙ্গরা’।
বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১২১তম সভার সিদ্ধান্তের আলোকে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল—এই ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠন করা হয়েছে। একই সঙ্গে নতুন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের অফিস সেট-আপও অনুমোদন দেওয়া হয়েছে।
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাংগাব—এই আটটি ইউনিয়নের সমন্বয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপজেলার জন্যও প্রয়োজনীয় অফিস সেট-আপ অনুমোদন করা হয়েছে।
এ ছাড়া কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার শ্রীকাইল, আকুবপুর, আন্দিকোট, পূর্বধৈইর (পূর্ব), পূর্বধৈইর (পশ্চিম), বাঙ্গরা (পূর্ব), বাঙ্গরা (পশ্চিম), চাপিতলা, রামচন্দ্রপুর (উত্তর) এবং টনকী—এই ১০টি ইউনিয়ন নিয়ে ‘বাঙ্গরা’ উপজেলা গঠন করা হয়েছে। প্রজ্ঞাপনে নতুন উপজেলার বিভিন্ন সরকারি কার্যালয়ের অফিস সেট-আপ অনুমোদনের কথাও উল্লেখ করা হয়েছে।






















