মে মাসে ঘূর্ণিঝড়ের আভাস, বয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ
- আপডেট সময় ০৬:২৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / 116
চলতি মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া এ মাসে দেশে একটি তীব্র (৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
আজ রোববার (৩ মে) দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে এসব তথ্য তুলে ধরা হয়।
পূর্বাভাসে জানানো হয়, মে মাসে দেশে এক থেকে তিনটি মৃদু (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) ও মাঝারি (৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র তাপপ্রবাহের কবলে পড়তে পারে দেশ। তবে সার্বিকভাবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে।
মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময়ে দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ পাঁচ থেকে আট দিন হালকা বা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে দুই থেকে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
নদ-নদীর বিষয়ে বলা হয়েছে, দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি সময়বিশেষে বৃদ্ধি পেতে পারে।
অন্যদিকে, গত এপ্রিল মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৭৫.৭ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে রাজশাহী বিভাগে স্বাভাবিক এবং বাকি বিভাগগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থাটি।
























