সন্ধ্যার মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- আপডেট সময় ০৪:৩৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
- / 8
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ৩টি অঞ্চলের ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই পূর্বাভাস প্রদান করা হয়েছে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ের সাথে এই অঞ্চলগুলোতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
ঝড়ো আবহাওয়ার আশঙ্কায় উল্লিখিত অঞ্চলসমূহের নদীবন্দর ও নৌপথগুলোতে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর নৌ- হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
কালবৈশাখীর এই মৌসুমে আকস্মিক ঝড়ের সময় খোলা জায়গা বা গাছের নিচে অবস্থান না করে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে কৃষিকাজে নিয়োজিত ব্যক্তি ও মৎস্যজীবীদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
























