হরমুজ প্রণালির কাছে বিস্ফোরণের শব্দ
- আপডেট সময় ১০:০১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / 17
হরমুজ প্রণালির কাছে দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশের কারপান অঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুধবার (২১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। সংস্থাটি জানিয়েছে, তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের কারণ কিংবা এলাকাটি কোনো হামলার লক্ষ্যবস্তু ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সূত্রগুলো এখনো বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে কোনো তথ্য দেয়নি। ওই এলাকায় কোনো হামলা হয়েছে কি না, কিংবা সেখান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল কি না, সে বিষয়েও কিছু উল্লেখ করা হয়নি। চলতি মাসে অঞ্চলটিতে এটিই প্রথম বিস্ফোরণের ঘটনা বলে জানিয়েছে সংস্থাটি।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত কিছুটা স্তিমিত ছিল। এর মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে বিস্ফোরণের শব্দ শোনার খবর সামনে এল।
ইরান গুরুত্বপূর্ণ এই জলপথ অবরুদ্ধ করার চেষ্টা করছে। দেশটির দাবি, হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে হলে ইরানের অনুমতি নিতে হবে।
শান্তিকালীন সময়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো। বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র তেহরানের বন্দর ও জাহাজের ওপর পাল্টা অবরোধ আরোপ করেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি, ইরনা






















