সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
- আপডেট সময় ০৬:১৮:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / 32
সৌদি আরবে মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা দুই বাংলাদেশির মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। অন্য এয়ারলাইন্সের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে তাঁদের মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সোমবার (১৯ অক্টোবর) বেলা ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের লাগেজ পরিবহণের সুবিধার্থে ট্রলি হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আরিফুল হক চৌধুরী বলেন, মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। সৌদি আরব থেকে কোনো ফ্লাইট আসছে না। এ কারণে অন্য এয়ারলাইন্সের মাধ্যমে যত দ্রুত সম্ভব তাঁদের মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
মন্ত্রী আরও জানান, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনই সৌদি আরবে শ্রমিক হিসেবে কাজ করতেন।
এর আগে গত ১৪ অক্টোবর সৌদি আরবের মক্কায় একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাঁদের শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাঁরা হলেন নজরুল ইসলাম আব্দুল বাসির ও সিতি আখতার।
























