সৌদি আরবে হুথি হামলার উদ্বেগ, এশিয়া কাপের সূচি বদলাতে চায় এএফসি
- আপডেট সময় ০৭:৫২:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / 14
সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে আগামী বছরের এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট এক বছর পিছিয়ে দিতে চায় এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। তবে আয়োজক দেশ সৌদি আরব আপাতত সূচি পরিবর্তনে রাজি নয়।
আগামী বছরের ৭ জানুয়ারি সৌদি আরবে শুরু হওয়ার কথা এশিয়ান কাপ। জেদ্দা, রিয়াদ ও আল-খোবার শহরে টুর্নামেন্টের ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন স্থানে ইয়েমেনভিত্তিক হুথি বিদ্রোহীদের হামলার ঘটনায় টুর্নামেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এ পরিস্থিতিতে আসরটি এক বছর পিছিয়ে দেওয়ার বিষয়ে ভাবছে এএফসি।
শুক্রবার এক বিবৃতিতে সৌদি আরবের স্থানীয় আয়োজক কমিটি জানায়, টুর্নামেন্টের প্রস্তুতি নির্ধারিত সূচি অনুযায়ী এগিয়ে চলছে। এএফসি ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে প্রস্তুতির কাজ অব্যাহত রয়েছে।
আয়োজক কমিটি জানিয়েছে, আপাতত এশিয়ান কাপ আয়োজনের পরিকল্পনায় কোনো পরিবর্তন আনা হয়নি। তবে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে ভবিষ্যতে সূচি নিয়ে নতুন করে ভাবতে হতে পারে।
এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে নভেম্বরের শেষ দিকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।






















