বাংলাদেশ বা নেপাল নয়, সরকার বদল হবে গণতান্ত্রিক উপায়ে: প্রকাশ রাজ
- আপডেট সময় ১২:২৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / 27
অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ সরকার পরিবর্তনের দাবিতে সমর্থন জানিয়ে বলেছেন, ভারতে এ পরিবর্তন হতে হবে নির্বাচন ও সাংবিধানিক পদ্ধতির মাধ্যমে। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশ ও নেপালের উদাহরণ টেনে বলেন, ভারত ওই দুই দেশের মতো নয়; দেশটিতে সরকার পরিবর্তনের জন্য গণতান্ত্রিক পথই অনুসরণ করা হবে। ২০২৪ ও ২০২৫ সালে বাংলাদেশ ও নেপালে ব্যাপক গণবিক্ষোভের মুখে সরকার ক্ষমতাচ্যুত হওয়ার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশ রাজ বলেন, ‘আমরা সরকারকে ক্ষমতা থেকে সরাতে চাই এবং এ দেশে গণতান্ত্রিকভাবেই তা করব।’ উত্তরপ্রদেশ থেকে শুরু করে ২০২৯ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত নির্বাচনী লড়াই চালানোর পরিকল্পনার কথা তুলে ধরে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘আমরা নেপাল নই। আমরা বাংলাদেশ নই। আমাদের আম্বেদকর আছেন। আমাদের গান্ধী আছেন। আমাদের ভগৎ সিং আছেন। আমাদের সংবিধান আছে। আমাদের ভোট দেওয়ার অধিকার আছে।’
প্রকাশ রাজের অভিযোগ, বিক্ষোভকারীদের কণ্ঠরোধ করতে কেন্দ্রীয় সরকার শক্তি প্রয়োগ করছে। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করতে সরকারের অস্বীকৃতি সরকারকে ক্ষমতা থেকে সরানোর দাবিকে আরও জোরালো করেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘আপনারা আমাদের এমন অবস্থায় ঠেলে দিয়েছেন, কারণ আপনারা আমাদের সঙ্গে কথা বলছেন না। আপনারা শক্তি প্রয়োগ করছেন।’
শান্তিপূর্ণ বিক্ষোভ ও নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের দাবিকে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হিসেবে দেখার ধারণা প্রত্যাখ্যান করেন প্রকাশ রাজ। তাঁর বক্তব্য, নাগরিকেরা প্রশ্ন তোলা, প্রতিবাদ করা এবং ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার প্রয়োগ করছেন।
তিনি বলেন, ‘আমরা অস্ত্রধারী নই। আমাদের অস্ত্র হলো সংবিধান। আমাদের অস্ত্র হলো প্রতিবাদ করার অধিকার।’

























